বরগুনায় ডাকাত-পুলিশ সংঘর্ষ: আহত ৫, আটক দুই

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে ডাকাতি প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে ডাকাতদের সংঘর্ষে বরগুনা সদর থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অস্ত্রসহ ডাকাদ সরদার মো. দেলোয়ার ও তার স্ত্রী জাহানারাকে আটক করে পুলিশ । সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পুরাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
আহতরা হলেন, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, এসআই মোস্তফা, পুলিশ সদস্য আ. রহমান, শাকিল ও মো. মাসুদ আলাম আহত হয়। তাদের বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জনগণের সহয়তায় পুলিশ তাদের ঘেরাও করলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি করে।পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতরা পিছু হটে। এসময় পুলিশ ডাকাত দলের সরদার দেলোয়ারকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি পাইপগান, তিন রাউন্ড বন্দুকের কার্তুজ, ৫টি হাতবোমা ও ইয়াবাসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, দেলোয়ারের বিরুদ্ধে বরগুনার আমতলী থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে। তিনি বরগুনার বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। রাতে আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে দেলোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির মালামাল উদ্ধার ও তার স্ত্রী জাহানারাকে আটক করা হয়।

/এআর/