ঝালকাঠিতে আ. লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ইউপি নির্বাচন-২০১৬নলছিটি ইউনিয়ন পরিষদে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ ও সন্ত্রাসের অভিযোগ এনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন ৫নং সুবিদপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আ. মান্নান শিকদার ও তিন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ফোরকান, আমির সোহেল মল্লিক ও আব্দুর রহিম।
গত এক সপ্তাহ ধরে প্রার্থীদের সমর্থকদের মধ্যে চলমান সংঘর্ষ ও সহিংসতার প্রেক্ষিতে বুধবার রাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় বাধা, অগ্নিসংযোগ, প্রচার মাইক ভাঙচুর, মাইক ছিনিয়ে নেওয়া, দেশীয় অস্ত্রের মহড়া, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, পুলিশি হয়রানি, নির্বাচনি মাঠ ছাড়তে প্রাণনাশের হুমকির অভিযোগ করেন।
জানা গেছে, সংবাদ সম্মেলনের আগে বুধবার বিকেলে ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমির সোহেল মল্লিক ও আব্দুর রহিমের প্রচার মাইক ভাঙচুর ও নেতাকর্মীদের মারধর করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. মান্নান শিকদারের পুত্র মামুন শিকদার ও তার সঙ্গীয় ক্যাডাররা।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার আ. রাকিব। এ ঘটনায় নলছিটি থানায় অভিযোগ দিতে  গেলে  পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন প্রার্থী আমির সোহেল ও আব্দুর রহিম।

/এইচকে/