বরিশাল নগরীতে মোটরসাইকেলের বিশাল শোডাউন করায় শোকজ খেলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ নোটিশ ওই দুই নেতার কাছে পৌঁছে। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
মনিরুজ্জামান খান ফারুক ও জিয়া উদ্দিন সিকদার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, কেন্দ্র থেকে তাদেরকে পৃথক পৃথকভাবে শোকজ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে ১১ জানুয়ারি বরিশাল বিমানবন্দর থেকে মোটরসাইকেলের শোডাউন করে দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়।
সদস্য সচিব জিয়া সিকদার বলেন, এখানে কোনও ধরনের শোডাউন করা হয়নি। ১১ জানুয়ারি নগরীর নথুল্লাবাদ আসার পর নেতাকর্মীরা যে যার মতো করে সেখানে এসে জড়ো হয়। এরপর নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করি। এ ঘটনায় কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে। আগামীকাল শোকজের উত্তর দেওয়া হবে।
প্রসঙ্গত, শনিবার (১১ জানুয়ারি) সোহাগ পরিবহনে ঢাকা থেকে বরিশালে আসেন মনিরুজ্জামান খান ফারুক ও জিয়া উদ্দিন সিকদার। তাদের বরণ করতে নগরীর নথুল্লাবাদ পাসপোর্ট অফিসের সামনে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।
বেলা ১২টায় মনিরুজ্জামান ও জিয়াকে মোটরসাইকেলের বহর দলীয় কার্যালয়ে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন।
দলের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ায় শোডাউন দিতেই মূলত ওই মোটরসাইকেলের শোডাউন করা হয়েছে বলে জানা গেছে।