আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে দগ্ধ, হাসপাতালে এসআইয়ের মৃত্যু

আসামি ধরতে গিয়ে ইটভাটার আগুনে পুড়ে দগ্ধ বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন। সর্বশেষ বরিশাল বিমানবন্দর থানায় কর্তব্যরত ছিলেন। মেহেদী হাসান বরগুনা সদর উপজেলার চরকলোনি গ্রামের জানে আলমের ছেলে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৬ জানুয়ারি ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার ইসলাম ব্রিকসে অভিযান পরিচালনা করছিলেন এসআই মেহেদী। এ সময় ইটভাটার চুল্লির একটি পাত সরে গিয়ে ‍আগুনের ভেতর পড়ে যান তিনি।’

তিনি আরও জানান, ইটভাটার শ্রমিক এবং তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা মই দিয়ে তাকে উদ্ধার করেন। ওই সময় তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে প্রেরণ করেন হাসপাতালের চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।