ভোলার লালমোহন উপজেলার চরমোল্লাজিতে নির্বাচনি সহিংসতায় এক মেম্বার প্রার্থীর হাত কেটে নিয়েছে তার প্রতিপক্ষ প্রার্থীর ক্যাডাররা।
প্রত্যক্ষদর্শী ছালাউদ্দিন ভুইয়া জানান, রবিবার (২০ মার্চ) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (চরমোল্লাজী) মেম্বার প্রার্থী জাকির ভূইয়া প্রতিদিনের মতো গণসংযোগ করতে তার কর্মী সমর্থকদের নিয়ে ভূইয়ার পোল চাঁন মিয়া হাজি বাড়ির সামনে যায়। সেখানে তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়াসের ৫-৬ জন ক্যাডার জাকির ও তার সমর্থকদের এলোপাতাড়ি কোপানো শুরু করে। এতে অন্তত ১৫ জন আহত হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ক্যাডাররা জাকিরের বাম হাতের কব্জি কেটে ফেলে। পরে তারা নিরাপদ স্থানে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন তার দলীয় কর্মী জাকিরের ওপর হামলার খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য হেলিকাপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যান।
ঘটনার পর রবিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা লালমোহন থানায় ওসি আকতারুজ্জামানের অপসারণের দাবিতে লালমোহন বাজারের চৌরাস্তায় মিছিল করে এবং হামলার ইন্ধনদাতা হিসেবে লালমোহন বাজারের ব্যাবসায়ী মহিউদ্দিন ভূইঁয়ার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।
লালমোহন থানার ওসি আকতারুজ্জামান রবিবার বিকেলে জানান, এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
/জেবি/টিএন/