পিরোজপুরে স্ত্রী ও চাচিকে হত্যা মামলায় গৌতম নামে একজনকে (৩৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কিবরিয়া সোমবার বেলা সাড়ে ১১টায় এ আদেশ দেন।
আদালতের নথি সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ বাদুরা গ্রামের হিমাংশু রায়ের ছেলে গৌতম ২০১১ সালের ২ ফেব্রুয়ারি স্থানীয় বাদুরা বাজার থেকে মাছ কিনে এনে স্ত্রী সীমাকে কাটতে বলেন। এ নিয়ে সীমার সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে গৌতম স্ত্রী সীমাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। এ সময় গৌতমের চাচি শেফালী রানী রায় ও প্রতিবেশী শিউলী চিৎকার দিলে গৌতম তাদেরকেও কুপিয়ে আহত করেন। আহত শেফালী রানীকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শিউলীকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
আদালতের বিচারক সীমা ও শেফালীকে হত্যার ঘটনায় গৌতমের মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা ও শিউলীকে কুপিয়ে আহত করার ঘটনায় ১০ বছর সশ্রম কারাদণ্ড অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
মামলার বাদী সীমার বাবা ক্ষিতিশ চন্দ্র এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
/বিটি/টিএন/