বরিশালে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ও সিল মারা ব্যালট বাগানে

Barisal-Sealed ballots of UP election were recovered in Babuganj upazilaবরিশাল বাবুগঞ্জে ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯ দিন পরেও ভোটকেন্দ্রের পেছনের ডোবা, নালা ও বাগান থেকে উদ্ধার হচ্ছে ব্যালট পেপার।
বুধবারও মোহনগঞ্জ কেন্দ্রের পেছনের বাগান থেকে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ও তালা প্রতীকে সিল মারা ৩৪টি ব্যালট উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে এ পর্যন্ত ৩৩৪ পিস ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী ও র‌্যাব-৮ এর সদস্যরা।
এর আগেও ওই কেন্দ্র থেকে একইভাবে আস্ত মুড়িসহ তিন বান্ডিল (৩০০ পিস) ব্যালট পেপার উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মেম্বার প্রার্থীদের ওই ব্যালটে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ও কেন্দ্রের গোল সিল ছাড়াও ভোটার সিল দেওয়া ছিল।
এর আগে মঙ্গলবার একই ইউনিয়নের ঘটকের চর কেন্দ্রের পেছনের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় চেয়ারম্যান প্রার্থীর ৯৭টি ব্যালট পেপার উদ্ধার করে বিমানবন্দর থানা পুলিশ।

বিভিন্ন স্থানে ব্যালট পাওয়া প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার আবদুল হাই আল হাদী জানান, উপজেলার রহমতপুর ও চাঁদপাশা ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। রহমতপুর ইউপির রামপট্টি ও চাঁদপাশার ভবানীপুর কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের কারণে ভোট গ্রহণ স্থগিত করে পুনরায় উপ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাই ব্যালট পেপার পাওয়ার ঘটনা অস্বাভাবিক নয়।

এদিকে মোহনগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যালট উদ্ধারকালে তালা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান মিরন ফকির অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যান।

এসব অভিযোগ প্রসঙ্গে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার  মো. শাহজাহান ভোটকেন্দ্রে হামলা ও গোলযোগের কারণে প্রায় দেড় ঘণ্টা ভোট বন্ধ ছিল। তবে তার স্বাক্ষর ও সিল মারা ব্যালট কিভাবে বাগানে গেল এ প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি তিনি।

/এনএস/এএইচ/