ওয়াশরুম থেকে ফিরতে দেরি, সহকারী রিটার্নিং কর্মকর্তার ওপর ক্ষুব্ধ বিএনপি প্রার্থী

বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে মিছিল করেছেন তার অনুসারীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহান ওয়াশরুম থেকে ফিরতে দেরি হওয়ায় তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম মনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকালে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নুরুল ইসলাম মনিসহ বিএনপির নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশরুমে ছিলেন। সেখান থেকে ফিরতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম মনি ও তার অনুসারীরা। সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরে আসলে বিষয়টি নিয়ে তার কার্যালয়ে উচ্চবাচ্য করেন বিএনপি প্রার্থী। তখন তার অনুসারীরা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নুরুল ইসলাম মনির বাগবিতণ্ডার একটি ভিডিও এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নুরুল ইসলাম মনিকে বলতে শোনা যায়, আমি বিএনপির ভাইস চেয়ারম্যান, এখানকার তিনবারের এমপি। আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি। আর ইউএনও গিয়ে বাথরুমে বসে আছে। বামনা ও বেতাগীতে মনোনয়নপত্র জমা দেবো, এখানে আর দেবো না। সময়মতো দায়িত্ব পালন করা প্রশাসনের কর্তব্য। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।’ পরে অনুসারীরা স্লোগান দিলে তাদের শান্ত করে মনোনয়নপত্র জমা দিয়ে চলে যান তারা।

এ ব্যাপারে জানতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশরাত জাহান ও নুরুল ইসলাম মনিকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।