পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের একটা নতুন নাম দিয়েছে রিফাইন্ড আওয়ামী লীগ। ওই যে আমাদের কিছু লোক আছে, তৃণমূল বিএনপি করেছিল; এটাও সেরকম নতুন নাম। এর মাধ্যমে নির্বাচন করতে চায় তারা। যদি সেভাবে না হয় তাহলে তারা স্বতন্ত্র নির্বাচন করবে। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নির্বাচন করবে আওয়ামী লীগ। তারা যেভাবেই নির্বাচন করুক আমার আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করবে কে? সবাই তো কলকাতায় গিয়ে বসে আছে। আওয়ামী লীগের নেতারা যে অত্যাচার-অবিচার, খুন, জখম, দখলবাজি করেছে; দেশে আসার পর তো একটা কিলও মাটিতে পড়বে না। আসলে আওয়ামী লীগ কখনও নির্বাচন করতে পারবে না।’
নির্বাচনি প্রচারণার শেষ দিন সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে শতভাগ নেতারা যে খারাপ, এই কথা আমি বলি না। আপনারাও বলেন না। কিছু ভালো লোক আছে। আওয়ামী লীগের যারা অন্যায় এবং অত্যাচার করেনি তাদের বলবো, আপনাদের কোনও ভয় নেই। আপনারা এদেশের নাগরিক। যেভাবে স্বাধীন নাগরিক চলে, আপনারাও সেভাবে চলেন। কিন্তু যারা অন্যায়, হত্যা, ধর্ষণ করেছে তাদের ব্যাপারে আইন ব্যবস্থা নেবে।’
পটুয়াখালী-১ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়ার সভাপতিত্বে জেলা বিএনপির নেতারা জনসভায় বক্তব্য রাখেন।