নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়লো বাস, ১০ যাত্রী আহত 

ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকারে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

যাত্রী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় বাসটি অতিরিক্ত গতিতে মোড়ে ব্রেক করলে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং খাদে পড়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‌‘খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’