জাপা দেশপ্রেমিক মানুষের দল, জাতীয় ঐক্য না হলে দুর্ভিক্ষ হবে: মহাসচিব

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘জাতীয় পার্টি দেশপ্রেমিক মানুষের দল, জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। জাতীয় ঐক্য ও সমঝোতার পরিবেশ তৈরি করাই এখন বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এজন্য নতুন করে জাতীয় ঐক্য করার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। যদি সরকার জাতীয় ঐক্য করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদি সংঘাতপ্রবণ এলাকায় পরিণত হতে পারে। বাংলাদেশে দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষ হতে পারে, অভ্যন্তরীণ গৃহযুদ্ধও হতে পারে। তখন কারও কিছুই করার থাকবে না।’

মঙ্গলবার (০৯ জুন) বিকালে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় পার্টির করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘অতীতে আওয়ামী লীগের আমলে ত্রুটিযুক্ত নির্বাচন হয়েছে বলেই দেশের সব সমস্যার সমাধান হয়নি। বরং সমস্যা সৃষ্টি হয়েছে আরও বেশি। আবার যদি সেই রকম ভোট হয় ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি ঘটবে। এমনিতেই দেশ একটি ক্লান্তিকালে পড়েছে, তীব্রভাবে অর্থনৈতিক সংকট বাড়ছে, অসংখ্য মানুষ চাকরি হারাচ্ছে। নতুন সরকার, নতুন আগমনে গণতন্ত্রের নতুন দুয়ার খোলার কথা ছিল। আমরা কষ্ট ভারাক্রান্ত মনে দেখেছি, নতুন সরকারের যাত্রা গণতন্ত্রের অগ্রযাত্রা হচ্ছে না। সেখানে আমরা একমুখী, একদলীয় করণের, স্বজনপ্রীতি ও দুর্নীতির পূর্বাভাস দেখতে পাচ্ছি। সরকার যদি সচেষ্ট না হয়, জাতীয় ঐক্য করতে না পারে, জনগণকে সঙ্গে নিতে না পারে, সব দলকে সঙ্গে নিতে না পারে তাহলে আমরা রোহিঙ্গার চেয়েও আরও বড় সমস্যার আশঙ্কা করছি।’

মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগের জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। এতে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া ও আলমগীর সিকদার লোটন। জাপার বরিশাল মহানগরের আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় বরিশাল বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।