শহীদ জিয়ার নামে ফিরছে দুই কলেজ, অধ্যক্ষরা বললেন ‘এলাকাবাসীও খুশি’

আওয়ামী লীগের আমলে পরিবর্তনকৃত বরিশাল বিভাগের ভোলা ও পিরোজপুরে দুটি কলেজের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর শহীদ জিয়াউর রহমান নামে ফিরে আসছে এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান।

সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এই অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটি হলো পিরোজপুরের নাজিরপুর কলেজ ও ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজ। অফিস আদেশ অনুযায়ী, নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’। অন্যদিকে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নাম পরিবর্তন করে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’ রাখা হয়েছে।

চরফ্যাশনে ২০০১ সালে দুই একর ৩৫ শতাংশ জমির ওপর বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের উদ্যোগে স্থাপিত হয় শহীদ জিয়াউর রহমান কলেজ। ১৯৯৬, ২০০১ সালে ভোলা-৪ থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইউনুস শরীফ মঙ্গলবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের আমলে কলেজটির নাম পরিবর্তন করে জনতা বাজার কলেজ নামকরণ করা হয়েছিল। শহীদ জিয়াউর রহমান নামে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে আমি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। আগের নামে কলেজটি ফেরায় শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে এলাকাবাসীও খুশি হয়েছেন। এর সঙ্গে কলেজের শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারলে শিক্ষার মান আরও বাড়বে।’

অধ্যক্ষ আরও বলেন, ‘বর্তমানে এইচএসসি ও ডিগ্রি মিলিয়ে সাড়ে চারশ শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ৫৬ জন। এইচএসসি শাখায় বিজ্ঞান, মানবিক এবং কমার্সে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। ডিগ্রিতে কমার্সের শিক্ষার্থীর সংখ্যা বেশি। তবে এখন পর্যন্ত ডিগ্রির শিক্ষকরা এমপিওভুক্ত হতে পারেননি।’

নাজিরপুর কলেজ ১৯৭২ সালে স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে কলেজটির নামকরণ ও পরিচয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ‘নাজিরপুর কলেজ’ রাখা হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ‘নাজিরপুর শহীদ জিয়া কলেজ’ রাখা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কলেজটির নাম পরিবর্তন করে পুনরায় শহীদ জিয়া কলেজ করা হয়েছে।

উপজেলা সদরে অবস্থিত এই প্রতিষ্ঠান ১৯৮৩ সালে এমপিওভুক্ত হয়। কলেজের অধ্যক্ষ মোমেনা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ১৯৮১ সালে কলেজটিকে শহীদ জিয়া কলেজ নামে নামকরণ করেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কলেজটির নামকরণ করা হয় নাজিরপুর কলেজ। এরপর থেকে এই নামেই পরিচালিত হয়ে আসছিল। ৫ একর ৩৩ শতাংশ জমির ওপর এটি স্থাপিত। বর্তমানে কলেজে এইচএসসি, ডিগ্রি ও অনার্সে আট শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষক রয়েছেন ৫৩ জন।’

কলেজের নাম পরিবর্তনের বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের নামে কলেজটি ফিরে আসায় শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক এবং এলাকাবাসী খুশি হয়েছেন। এই উপলক্ষে আজ মিষ্টি বিতরণ করা হয়েছে। আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে শহীদ জিয়া কলেজ নামে এর কার্যক্রম শুরু হোক।’