ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশীষ কুমার বড়ালের উপস্থিতিতে জসীম উদ্দিন হাওলাদার ওরফে পলাশ নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার জলাবাড়ীতে এ ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্বরুপকাঠী থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র বলেন, ‘পলাশ হোটেলে নাস্তা করার সময় দু যুবক এসে বলে তাকে বাইরে ডেকে নিয়ে যায়। এদের মধ্যে একজন তাকে হঠাৎ মারতে শুরু করে। এসময় দুজনে পলাশকে মোটরসাইকেলে তুলে বালিকা বিদ্যালয়ের কাছে নিয়ে যায়।’
আরও পড়তে পারেন: বিএনপি ধোঁকাবাজির রাজনীতি করে : হানিফ
নিহতের ভাই আলাউদ্দিন হাওলাদার শিমুল বলেন, বিদ্যালয়ের মাঠে ইউপি চেয়ারম্যান আশীষ বড়ালের উপস্থিতিতে স্বদেশ বড়াল, অরুন, বরুন সাজু, সঞ্জিত, তপুসহ ৩০ থেকে ৪০ জন একত্রিত হয়ে পলাশকে পিটিয়ে আহত করে। এরপর তারা পলাশকে জলাবাড়ী বালক বিদ্যালয়ের সামনে নিয়ে আবারো মারধর করে হত্যা করে ফেলে রেখে যায়। নিহতের ভাই শিমুল বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে আশীষ বড়ালের ব্যক্তিগত কোনও বিরোধ ছিল না। এক সময় আশীষ বড়াল আমাদের বাড়িতে থেকেছে।’
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
/এসটি/