বরিশালের সিনিয়র সাংবাদিক দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলক চ্যাটার্জি প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে দীর্ঘদিন দৈনিক যুগান্তরে কাজ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
দৈনিক সমকালের বরিশাল অফিসের বর্তমান প্রধান স্টাফ রিপোর্টার সুমন চৌধুরী বলেন, ‘পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটা চাবি থাকতো। প্রায়ই দিনে ও রাতে এসে অফিস খুলে সময় কাটাতেন। আজ দুপুরে একটি দাওয়াতে অংশগ্রহণ করেছিলাম। বিকালে তার স্ত্রী ফোন করে জানান তার ফোন ধরছেন না পুলক। সন্ধ্যায় অফিসে এসে দেখি ভেতর থেকে অফিস তালাবদ্ধ। দরজা একটু ফাঁক করে দেখি, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। পরে দ্রুত পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।’
খোঁজ নিয়ে জানা যায়, পুলক চ্যাটার্জি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’