রবিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা ডিবি পুলিশের এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ব্রাক্ষ্মণপাড়া গ্রামের রাধানাথ বাছাড়ের ছেলে ভুয়া যোগাযোগমন্ত্রী পরিমল বাছাড় (৪০), পরিমল মণ্ডলের ছেলে ভুয়া র্যাবপ্রধান সবুজ মণ্ডল (১৯) ও বিকাশের মাধ্যমে টাকা উত্তোলনকারী নারায়ন বাছাড়ের ছেলে অমিত বাছাড় (১৭)।
প্রতারকরা এসব ঘটনায় একটি আধুনিক সফটওয়ার ব্যবহার করেছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতদের বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে বিচারক শিহাবুল ইসলাম তাদেরকে জেলহাজতে পাঠান।
ঝালকাঠির নলছিটি উপজেলার মগর গ্রামের লেবানন প্রবাসী মো. মামুনের স্ত্রী কলি আক্তারকে গত ২৫ মার্চ (শুক্রবার) ফোন করে প্রতারিত করে ওই চক্রটি। চক্রটি তার কাছ থেকে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে ছিনিয়ে নেয়।
এরপর তিনি গত ১৬ এপ্রিল অজ্ঞাতনামা আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলার ভিত্তিতে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল প্রতারকদের শনাক্ত করে। পরবর্তীতে ভাঙ্গা থানার ব্রাক্ষ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় মূল প্রতারকসহ আরও চার থেকে পাঁচজন পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এনএস/এএইচ/