ভোলার সদর উপজেলায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে আহত করার ঘটনার পর গণপিটুনিতে আহত হাসিব (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসিব সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ধলু হাওলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মাঝির সঙ্গে হাসিবের পূর্ববিরোধের জেরে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় হোসেনকে ছুরিকাঘাত করেন হাসিব বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন আহত হোসেনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।
এদিকে হোসেনকে ছুরিকাঘাতের ঘটনার পর স্থানীয় জনতা বাজার এলাকায় হাসিবকে পেয়ে মারধর করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।