আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার, আছেন শিক্ষক-ব্যবসায়ী ও চাকরিজীবী

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মীর ঝটিকা মিছিলের ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে এক শিক্ষক, জন ব্যবসায়ী এবং ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসা এক চাকরিজীবী রয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পূর্ব বাকাল গ্রামের মৃত সোলেমান সরদারের ছেলে বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শিক্ষক অলিউল রহমান, মধ্য শিহিপাশা গ্রামের হালিম খলিফার ছেলে উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল খলিফা, বাকাল গ্রামের হানিফ মৃধার ছেলে উপজেলা ছাত্রলীগের সদস্য রাব্বি মৃধা, উপজেলার গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি পূর্ব সুজনকাঠী গ্রামের রজব আলী সরদারের ছেলে কামরুল সরদার, উত্তর শিহিপাশা গ্রামের শাহে আলম সরদারের ছেলে গৈলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী সাইফুল সরদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য কালুপাড়া গ্রামের মৃত আশ্রাব সরদারের ছেলে সরোয়ার সরদার, মুড়িহার গ্রামের ইউনুস সরদারের ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য চাকরিজীবী রাজিব সরদার। এর মধ্যে গত বৃহস্পতিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন চাকরিজীবী রাজিব সরদার। শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। 

পুলিশ জানায়, আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের বাকাল পয়সা এলাকায় শুক্রবার ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ওই মিছিলের সূত্র ধরে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই সাত জনকে আটক করে পুলিশ। রাতেই থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ওই মামলায় আটক সাতজনকে আজ গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আছে। এ কারণে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানিয়েছেন, আগৈলঝাড়ার ভেগাই হালদার পাবলিক একাডেমির শিক্ষক অলিউর রহমান ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করতেন। পরবর্তীতে আর রাজনীতিতে জড়াননি। তবু তাকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েক বছর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় না থাকা সত্ত্বেও শুধুমাত্র আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের আওয়ামী লীগ নেতা ইউনুস সরদারের ছেলে ঢাকায় বেসরকারি কোম্পানিতে কর্মরত রাজিব সরদার এবং গৈলা বাজারের ব্যবসায়ী সাইফুল সরদারকে হয়রানি ও মিথ্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তাদের একটাই অপরাধ আওয়ামী লীগ পরিবারের সদস্য।