কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া মুচনী রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় যৌথ বাহিনীর অভিযান চলছে। শুক্রবার ভোররাতে হামলার পর থেকে শুরু হওয়া এই অভিযান এখনো অব্যাহত রয়েছে। ক্যাম্পের পাশের পাহাড়ি এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবি’র সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে।তবে এখনও পর্যন্ত কাউকে আটক, লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করতে পারেনি।
টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানিয়েছেন, ক্যাম্পে হামলার ঘটনায় অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করে একটি মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ, র্যাব ও বিজিবি’র কয়েকটি দল এখনও পাহাড়ি এলাকায় রয়েছে।
উল্লেখ্য,শুক্রবার ভোররাতে টেকনাফ নয়াপাড়া ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ব্যারাকে মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় আনসার বাহিনীর কমান্ডার অফিসার মো. আলী হোসেনকে (৫৫) গুলি করে হত্যা করা হয়। লুট করা হয় ক্যাম্পের ১১টি অস্ত্র ও ৬৭০ রাউন্ড গুলি।
/জেবি/