ঋণ দেওয়ার মাধ্যমে অর্থ আত্মসাতে সহায়তা করা দায়ে চট্টগ্রাম ব্যাংক এশিয়ার দুটি শাখার দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছ দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হোসেনুজ্জামান (৪৯) ও মোহাম্মদ মিজানুর রহমান (৪৩)। হোসেনুজ্জামান ব্যাংকটির সিডিএ অ্যাভিনিউ শাখার প্রধান, মিজানুর রহমান সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি শাখার প্রধান।
দুদকের সহকারী পরিচালক সাধন সূত্রধর বাংলা ট্রিবিউনকে জানান, এই দুই ব্যাংক কর্মকর্তার সহায়তায় শাহ আমানত আয়রন ও মদিনা এন্টারপ্রাইজ- এই দুটি প্রতিষ্ঠানের অধিকারী গিয়াস উদ্দিন কুসুম নামে এক ব্যক্তি ২০১২ সালের ২৪ মার্চ থেকে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি সময়ের মধ্যে পৃথক খাত দেখিয়ে মোট ৭৪ কোটি ৮৩ লাখ ২৬ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।
বিষয়টির প্রেক্ষিতে সীতাকুণ্ড থানায় গ্রেফতার দুই ব্যক্তিসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
জানা যায়, গিয়াস উদ্দিন নামের এই ব্যক্তি ওই দুই ব্যাংক কর্মকর্তার সহায়তায় ভুয়া কাগজপত্র জমা দিয়ে ওই ঋণ নিয়েছিলেন।
দুদক এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে উপস্থিত করলে আদালত তাদের জেলহাজতে পাঠান।
/এইচকে/