কুমিল্লায় হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় মতিউর রহমান কাবুল (৩২) হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার এ আদেশ দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম আলী আহাম্মদ।comilla-court-pic

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জগপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে আলী আশরাফ, বজলের রহমানের ছেলে নজির আহম্মদ (পলাতক), সরাফত আলীর ছেলে সিরাজুল ইসলাম (শিশু মিয়া) ও আব্দুর রাজ্জাক, মতু মিয়ার ছেলে রাজা মিয়া, মৃত আছলাম মিয়ার ছেলে রফিক মিয়া, সিরাজুল ইসলাম (শিশু মিয়া) এর ছেলে মোহাম্মদ আলী, চান মিয়ার ছেলে মোহন মিয়া, মৃত সেকান্দর আলীর ছেলে দৌলত আহম্মদ, জয়নগর গুচ্ছ গ্রামের সুলতান আহম্মদের ছেলে আ. করিম ওরফে আ. খালেক (পলাতক), সদর উপজেলার বারপাড়ার মৃত আলী মিয়া’র ছেলে বাহার মিয়া (পলাতক), চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে আবুল বাসার ও চৌদ্দগ্রাম উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে সফিকুর রহমান (সফিক)।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এক ব্যক্তিকে খালাস দিয়েছেন আদালত।তিনি হচ্ছেন সদর উপজেলার মথুরামপুর গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে মফিজ মিয়া।

মামলার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৯৯৯ সনের ২১ মার্চ ভোরবেলা মতিউর রহমান কাবুল নিজের বাইসাইকেলে চেপে লালবাগ রাস্তার মাথা থেকে বাড়ি যাওয়ার পথে ওছমান গণির বাড়ির পাশে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার পথরোধ করে এবং ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

এ ঘটনায় নিহতের পিতা নজির আহমেদ বাদী হয়ে ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০০০ সনের ১১ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান চার্জশিট জমা দেন।এরপর রাষ্ট্রপক্ষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ সোমবার ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ জনকে খালাস দেন আদালত।২০ জন আসামির মধ্যে ৫ জন রায়ের আগেই মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

আরও পড়ুন: আতঙ্কে পথশিশুরা: থানায় তুলে নিয়ে গিয়ে অপরাধীর ট্যাগ!

/টিএন/আপ-এআর/