ফেনীতে ৩ হাসপাতালকে জরিমানা

ফেনীফেনীতে ৩টি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার  বিকালে  এসব হাসপাতাল ও সেন্টারে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও টেকনিশিয়ান না থাকায় এই অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, শহরের দাউদপুর ব্রিজ সংলগ্ন ফেনী জেনারেল হাসপাতালে প্যাথলজি রুমে রি-এজেন্ট ছাড়া অন্য ওষুধ মজুদ করা, চাহিদার তলুনায় কম ডাক্তার, ভুয়া টেকনেশিয়ান, অদক্ষ নার্স দিয়ে চিকিৎসা সেবা চালানোর দায়ে দেড় লাখ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই এলাকার রয়েল হাসপাতালে প্যাথলজি রুমে রি-এজেন্ট ছাড়া অন্য ওষুধ মজুদ করা ও অদক্ষ নার্স দিয়ে সেবা দেওয়ার অপরাধে পরিচালক মাহতাবুর রশিদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ দুটি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার চিকিৎসা সেবা দেওয়ার কোনও সনদ দেখাতে পারেননি।

এদিকে মডার্ন সেন্টার হাসপাতালে ব্যবহৃত রক্তের ব্যাগ পাওয়ায় ও অদক্ষ নার্স দিয়ে চিকিৎসা সেবা চালানোর দায়ে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এই হাসপাতালটি রিপোর্ট সরবরাহ করছে কোনও ধরনের স্বাক্ষর ছাড়াই।

এছাড়া মহিপাল ডায়াগনস্টিক সেন্টারকে ভুয়া টেকনেশিয়ান ও স্বাক্ষর জাল করে রিপোর্ট প্রদানের দায়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, চিকিৎসা খাতে শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নের জন্য জেলা প্রশাসন উদ্যেগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যহত থাকবে।

এসময় সদর উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মূসা হাসনাত, জেলা প্রসাসনের সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক ও সারওয়ার সালাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ওষুধ চুরির অপরাধে গলায় সাইনবোর্ড!

/এআর/এমএনএইচ/