বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেম্বার মং পু মার্মাকে অপহরণের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বান্দরবান। এ জেলা থেকে রাঙামাটি যাওয়ার সড়কসহ রুমা, রোয়াংছড়ি ও থানচি যাতায়াতের সব পথ বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। রবিবার সকাল থেকেই এ অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। এদিকে, অপহৃত মং পু মার্মাকে উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা রুমা, রোয়াংছড়ি, থানচি বাস স্টপ এবং নৌ ঘাটে অবস্থান নিয়ে অবরোধ পালন করেন। এসময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।
এদিকে দুপুরে মং পু মার্মার মুক্তির জন্য স্থানীয় আদিবাসীদের সহায়তা চেয়ে রোয়াংছড়ির জামছড়ি এলাকায় আওয়ামী লীগ সভা করে। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা, পৌর কমিশনার অজিত দাশসহ অনেকে বক্তব্য রাখেন। পরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রোয়াংছড়ি উপজেলার জামছড়ির অপহরণস্থলটি পরিদর্শন করেন।
এসময় বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা বলেন, মং পু মার্মাকে উদ্ধারে আমরা আপনাদের সহায়তা চাই, তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।
আওয়ামী লীগ নেতা মং পু মার্মাকে গত সোমবার গভীর রাতে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য আওয়ামীলীগ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)কে দায়ী করে। এর প্রতিবাদে গত বুধবার ও বৃহস্পতিবার বান্দরবানে অবরোধ পালন করে দলটি। মং পু মার্মাকে উদ্ধারে রোয়াংছড়ি ও রুমা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনীর সদস্যরা।
/টিএন/
আরও পড়ুন:
অভিজিৎ হত্যায় সন্দেহভাজন শরীফ ‘বন্দুকযুদ্ধে’ নিহত
যশোরে জাল নোট ও স্ট্যাম্পসহ আটক ২
স্কুলছাত্রীকে হত্যার দায়ে গণবিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুদণ্ড