চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা অবশেষে ১১ বছর পর ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-২ এর উপ-সচিব জুবাইয়া নাসরিনের স্বাক্ষরিত পত্রে এই ঘোষণা দেওয়া হয়। আর এ সংবাদটি আনুষ্ঠানিকভাবে গতকাল ঘোষণা করেন বর্তমান মেয়র মাহফুজুল হক।
এ ব্যাপারে সদ্য নির্বাচিত মেয়র মাহফুজুল হক বলেন, এ পৌরসভাটি ২০০৫ সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ১১ বছর গ শ্রেণির পৌরসভা হিসেবে থাকলেও কেউ এটির দিকে সেভাবে নজর দেননি। তবে আমি মেয়র নির্বাচিত হওয়ার পর চেষ্টা চালিয়েছি। সে চেষ্টা সফলও হয়েছে। এ উন্নতিতে জনগণের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
পৌর মেয়র বলেন, সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আগামী ৬ মাসের মধ্যে পৌরসভাটিকে প্রথম শ্রেণিতে উন্নীত করার আবেদন করবো। আর এক বছরের মধ্যে প্রথম শ্রেণিতে উন্নীত করতে পারবো বলে বিশ্বাস করি। পৌরসভাকে মডেল পৌরসভা করতে নিরলসভাবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।
মেয়র বলেন, ইতিমধ্যেই বেশ কিছু প্রকল্প অনুমোদন হয়েছে এবং কিছু অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে তিনি পৌরসভার উন্নয়নে কিছু কিছু লোকের অসহযোগিতার কথা উল্লেখ করে বলেন, পুরো উপজেলার মধ্যে পৌরসভাও পড়ে। তাই পৌরসভাকে বাদ দিয়ে উন্নয়নের কথা যারা চিন্তা করে, তারা ভুল করবেন।
আরও পড়ুন: কক্সবাজার উপকূলে ভাঙছে বেড়িবাঁধ, সংস্কারে দরকার ৭৬ কোটি টাকা
/টিএন/আপ-এআর/