একই গ্রামে চার দিনে ট্রেনে কাটা পড়লো ৩ ‘অজ্ঞাত’ ব্যক্তি!

B.bariaঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নয়াদিল গ্রামে ট্রেনের নিচে কাটা পড়ে চার দিনে তিন জনের মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অজ্ঞাতপরিচয় (৩২) এক নারীর মৃত্যু ঘটে।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় ঢাকাগামী মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেনের নিচে ওই নারী কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এদিকে একই স্থানে গত বুধবার বিকেল সাড়ে ৪টায় দিকে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪২) আরও এক ব্যক্তির মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার আবারও একই স্থানে সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাতপরিচয় (৬৫) আরও এক বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
এদিকে একই এলাকায় গত চার দিনের ব্যাবধানে অজ্ঞাত পরিচয়ধারী তিন ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আখাউড়া সচেতন নাগরিক কমিটির অন্যতম সদস্য এবং আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, একই এলাকায় গত চার দিনের ব্যাবধানে তিন জনের মৃত্যুর ঘটনা অস্বাভাবিক। ট্রেনের নিচে কাটা পড়ে প্রতিটি মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের জন্যে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে দাবি জানান তিনি।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার বলেন, প্রতিটি মৃত্যুর ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে। ট্রেনে কাটা পড়ার প্রতিটি ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করা হবে। তদন্তের পর ট্রেনে কাটা পড়ার ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

/টিএন/এইচকে/

আরও  পড়ুন: ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন