‘মন্ত্রী এলে চুলা জ্বলবে, চলে গেলে নিভে যাবে, এমন কাজ চাই না’

‘মন্ত্রী এলেই চুলা জ্বলবে আর মন্ত্রী চলে গেলে চুলা নিভে যাবে, এমন কাজ আমি চাই না’ বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে চাঁদপুরে মতলব সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

চাঁদপুরে মতলব সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘আমি সেই ইঞ্জিনিয়ার দেখতে চাই, যে প্রবল বৃষ্টির মাঝে মাথায় ছাতা নিয়ে কাজ পরিদর্শন করছেন। এমন লোক আছেন কিন্তু যদি বেশির ভাগই কমিটমেন্ট নিয়ে কাজ না করেন তাহলে সমস্যার সমাধান হবে না।’

ঈদুল আযহায় রাস্তা যানজটমুক্ত রাখতে সাতদিনের মধ্যে রাস্তার অবৈধ দখল মুক্ত করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে ইতোমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়ক ও জনপথের বহু জায়গা বেদখল হয়ে আছে। এসব অবৈধ দখল মুক্ত না করতে না পারলে সড়ক যানজট মুক্ত রাখা যাবে না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম, মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন, মতলব পৌরসভার মেয়র আবুল বাশার পারভেজসহ প্রমুখ।

/এমও/

আপ: এইচকে

আরও পড়ুন: পিরোজপুরে ২ ব্যবসায়ীকে কুপিয়ে ৩৭ লাখ টাকা ছিনতাই