জঙ্গি সালাউলসহ ৩ জনকে পুলিশে সোপর্দ

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র হাতে আটক ‘আরএসও’ নেতা জঙ্গি সালাউলসহ তিনজনকে টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ৩১জুলাই রাত সাড়ে ১২টার দিকে গোপনীয়তার সঙ্গে আটকদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ।

আরএসও নেতা সালাউল (মাঝে)ওসি জানান, রাতে টেকনাফ ২ বিজিবি’র পক্ষ থেকে আটকদের থানায় নিয়ে আসা হয়। এতে টেকনাফ ২ বিজিবি’র একজন হাবিলদার বাদী হয়ে আটক ৩জন ও পলাতক ৮জনসহ মোট ১১জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। এই মামলায় ‘আরএসও’ নেতা জঙ্গি সালাউল, মৌলানা সৈয়দ করিম ও ইব্রাহীমকে থানায় হস্তান্তর করেন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই শনিবার দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের নতুন পাড়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের নেতৃত্বে পুলিশ-বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের অভিযানে আটক হন সৌদি নাগরিক আহমেদ আল সালেহ আল গাম্বী, ‘আরএসও’ নেতা হাফেজ সালাউল ইসলাম, মৌলানা সৈয়দ করিম ও টাঙ্গাইলের মৌলভী ইব্রাহীম। এরপর টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, জঙ্গি’ নেতা আরএসও’র সাবেক কমান্ডার হাফেজ সালাউল ইসলামের কক্সবাজার ও টেকনাফের সরকারি দলীয় সংসদ সদস্য এবং বিএনপি ও ইসলামী ঐক্যজোট নেতাদের সাথে গোপন সর্ম্পক রয়েছে। গত ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর সালাউলের উত্থান শুরু হয়। কক্সবাজারের লিংক রোডে দক্ষিণ মুহুরীপাড়ায় সরকারি বন বিভাগের সাত একর ও স্থানীয় মানুষের তিন একরসহ ১০ একর জায়গা দখল করে সেখানে ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টার গড়ে তুলেছেন তিনি। কার্যত এখান থেকেই আরএসওর সব কার্যক্রম পরিচালিত হয়।

/এইচকে/

আরও পড়ুন: বৈঠক করিনি জঙ্গিদের দেখতে গিয়েছিলাম: এমপি বদি (অডিও)