রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) নেতা জঙ্গি সালাউলসহ কক্সবাজারের টেকনাফে গ্রেফতার হওয়া তিনজনকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন টেকনাফ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম।
৩১ জুলাই রাতে গোপনে বৈঠক করার সময় ‘বর্ডার গার্ড বাংলাদেশ’এর (বিজিবি)সদস্যরা তাদের আটক করে। পরে তাদের টেকনাফ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
টেকনাফ থানার ওসি আবদুল মজিদ জানান, সালাউল কক্সবাজার শহরের লিংকরোড এলাকার ইমাম মুসলিম ইসলামিক সেন্টারের পরিচালক। তিনি দক্ষিণ মুহুরিপাড়ার মৃত হাফেজ জিয়াউল হকের ছেলে। বাকি দু’জনের মধ্যে সৈয়দ করিম টেকনাফ শামলাপুর এলাকার হাজী মকবুল আহমদের ছেলে। ইব্রাহিম নামের আরেকজনের বাড়ি টাঙ্গাইলের বাশাইল থানার হাবলাবিলপাড়া এলাকায়।
৩১ জুলাই আটক এই তিনজনসহ মোট আট জনের নামে টেকনাফ থানায় ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। মামলার বাকি আসামিরা পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা কবির আহমদ জানান, হাফেজ সালাউল আরএসও’র সাবেক প্রধান। তার নেতৃত্বে মসজিদ-মাদ্রাসার নামে বিভিন্ন দেশ থেকে অর্থ এনে আরএসও’র কাজে ব্যয় করা হয়।
/এআরএল/
আপ: এইচকে
আরও পড়ুন: জঙ্গি সালাউলসহ ৩ জনকে পুলিশে সোপর্দ