কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ১০ ছাত্র ও ২ বহিরাগতকে আটক করে পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল। তাদের ছেড়ে দেওয়া হবে নাকি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে এ বিষয়ে পুলিশের কারও বক্তব্য জানা যায়নি।
এর আগে, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে কুবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে জাতির জনকের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলনের সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের সঙ্গে কুবি ছাত্রলীগের সভাপতি আলিফ গ্রুপের কর্মীদের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে সবুজ গ্রুপের ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ নিহত হন।
পরে কুবির ভিসি প্রফেসর ড. আলী আশরাফের সভাপতিত্বে কুবির ৬২তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্ট সময়ের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। রাতেও বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।
/এমও/