ঘুষ নেওয়ার সময় আটক চট্টগ্রাম বিটিসিএলের ৩ কর্মকর্তা

দুদক-বিটিসিএলচট্টগ্রামে ঘুষ নেওয়ার সময় বাংলাদেশ টেলি-কমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর তিন কর্মকর্তাকে  হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তাদের কাছ থেকে কয়েক লাখ নগদ টাকা, সঞ্চয়পত্র ও জমির কাগজ জব্দ করা হয়। বুধবার চট্টগ্রামের নন্দনকাননে অবস্থিত বিটিসিএলের কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বিটিসিএলের নন্দনকানন কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (আভ্যন্তরীন) প্রদীপ দাশ, প্রধান সহকারী কাম ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর কাম স্টেনোগ্রাফার মো. হুমায়ুন কবির।
চট্টগ্রাম দুদকের পরিচালক আব্দুল আজিজ ভুঁইয়া জানান, দুই বিটিসিএল কর্মকর্তাকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করা হয়েছে।
দুদকের দেওয়া তথ্য অনুসারে, বিটিসিএল-এর অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আবুল কাশেম ভুঁইয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় বিটিসিএলের কর্মচারীদের আটক করা হয়।
বিটিসিএলের কর্মকর্তারা জানান, সাত মাস আগে অবসরে যান আবুল কাশেম ভুঁইয়া। কিন্তু দুর্নীতিবাজ কর্মকর্তারা পেনশনের টাকা তোলার জন্য তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। কোনও উপায় না দেখে তিনি তাদের ২০ হাজার টাকা দিতে রাজি হন।

অভিযানে দুদকের সদস্যরা গিয়াস উদ্দিনের অফিস থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৮৩ হাজার টাকার সঞ্চয়পত্র উদ্ধার করে। পরে দুদক সদস্যরা প্রদীপ দাসের অফিসে তল্লাশী চালায়। এ সময় তারা নগদ ১ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা এবং ২ লাখ ৪০ টাকা মূল্যের জমি ক্রয়ের কাগজপত্র উদ্ধার করে। উদ্ধার করা কাগজপত্র অনুসারে গিয়াস উদ্দিন ও হুমায়ুন কবির দু্ই খণ্ড ভূমির মালিক।

দুদক জানিয়েছে, আটক কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।  

/এএ/