চাঁদপুরে জলোচ্ছ্বাস, শহর রক্ষা বাঁধে ধস

chadnpur pic 1সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চাঁদপুরে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এতে করে চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকার শহর রক্ষা বাঁধের বেশ কিছু ব্লক দেবে গেছে। রবিবার বিকেল ৫টার পর থেকে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মিলনস্থলে এ অবস্থার সৃষ্টি হয়। এ সময় ১০-১৫ ফুট উঁচু ঢেউ আঘাত হানে।

chandpur pic 3পরে রাত পৌনে ৮টার দিকে অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। আড়াই ঘণ্টার এ জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় শহর রক্ষা বাঁধের দক্ষিণ পাশে মেঘনা ও ডাকাতিয়া নদীর পাড়ের বিভিন্ন স্থান। ঢেউয়ের আঘাতে বড়স্টেশন এলাকায় দর্শনার্থীদের বসার পাকা বেঞ্চগুলো উপড়ে গেছে। হাটু পানিতে তলিয়ে গেছে বড়স্টেশন মোলহেড এলাকা।

খবর শুনে ওই এলাকা পর্যবেক্ষণ করতে ছুটে যান চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মণ্ডল, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশল মো. নিজামুল হক ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

chandpur pic 12চাঁদপুর আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক লিয়াকত আলী সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, আকস্মিকভাবে নদীতে ১০-১৫ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হলে সেটিকে আমরা জলোচ্ছ্বাস বলি। সেসময় প্রতি ৪০ সেকেন্ডে ১০-১৫ ফুট উঁচু হয়ে ঢেউ আঁছড়ে পড়ে।

তিনি জানান, চাঁদপুরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া লঘুচাপের প্রভাবে এখানে রবিবার ২৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

chandpur pic 6চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে পদ্মা-মেঘনা হঠাৎ উত্তাল হয়ে ওঠে। এতে করে নদীতে প্রচণ্ড স্রোত সৃষ্টি হয়। দক্ষিণ দিক থেকে আসা প্রচণ্ড বাতাসের ফলে নদী উত্তাল হয়ে ওঠে।

চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, আমরা ওই এলাকা পরিদর্শন করেছি। সার্বিক পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রাখছি। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের হাই অফিসিয়ালরাও সজাগ রয়েছেন।

 আরও পড়ুন:

হত্যার আগে যেভাবে ছয় ‘খুনি’ অনুসরণ করে অভিজিৎকে (ভিডিও)

/বিটি/