ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী রইছ মিয়া (৩৮) নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কসবা থানা পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শীর্ষ মাদক ব্যবসায়ী রইছ মিয়া ভারত থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য এনে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় রেখেছেন, এমন খবরের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী রইছের আস্তানা ঘেরাও করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী রইছ এবং তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোঁড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী রইছ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
মাদক ব্যবসায়ীদের গুলিতে কসবা থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন, সোহেল শিকদার, কনস্টেবল সাইফুল, সোহাগ এবং ফারুক আহত হন। তবে মাদক ব্যবসায়ী রইছের সহযোগিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
পরে পুলিশ মাদক ব্যবসায়ী রইছের আস্তানা থেকে একটি দেশীয় পাইপগান, দুটি চাপাতি, একশ বোতল নাম্বার ওয়ান হুইস্কি, ১৫ কেজি গাঁজা এবং ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
নিহত মাদক ব্যবসায়ী রইছের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে। তার বিরুদ্ধে কসবা এবং আখাউড়া থানায় মাদক মামলাসহ ১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের লাশ ময়নাতদেন্তর জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সার কারখানার গ্যাস ট্যাঙ্কে লিকেজ, ৬০ জন হাসপাতালে 

/এমও/