কুমিল্লায় দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে যুবলীগ নেতা খুন

কুমিল্লাকুমিল্লার মনোহরগঞ্জে দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাথায় শাবলের আঘাতে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
নিহত যুবলীগ নেতা হিতু মিয়া (৩২) মনোহরগঞ্জ উপজেলার কাশই গ্রামের আবদুর রহিমের ছেলে।
নিহতের ঘটনা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ওসি মো.সামছুজ্জামান জানান, কাশই গ্রামে একটি বিয়ে বাড়িতে কয়েকদিন আগে দু’পক্ষের বাক-বিতণ্ডা হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কাশই বাজারে আবার দু’পক্ষের ঝগড়া লাগে। এসময় তাদের থামাতে গিয়ে এক পক্ষের শাবলের আঘাতে হিতু মিয়ার মাথা ফেটে যায়।
ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে পাশের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে সেখানে তিনি মারা যান।

/এএ/