রুমার রিজুক ঝর্ণায় নেমে কলেজশিক্ষক নিখোঁজ

বান্দরবানের রুমা উপজেলার রিজুক ঝর্ণায় গোসল করতে নেমে তৌফিক সিদ্দিকী নামে এক কলেজশিক্ষক নিখোঁজ হয়েছেন। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রধান বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পরিবার নিয়ে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।’

পুলিশ সূত্র জানায়, বগুড়া থেকে সপরিবারে তিনি বান্দরবানে ভ্রমণে আসেন তৌফিক। দুপুরে রুমার রিজুক ঝর্ণায় পরিবার নিয়ে গোসল করতে নামেন তৌফিক। পরে তার স্ত্রী ও সন্তান ঝর্ণা থেকে ওপরে উঠে গেলেও তৌফিক উঠতে পারেননি।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ওয়েবসাইটে দেখা যায়, তৌফিক সিদ্দিকীর সরকারি আইডি নং ১২৪১। তবে এ ব্যাপারে কলেজে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেনি।

/এনএস/