শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত পরিতোষকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার শিকার পরিতোষ ঘোষ রাজু বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া রাধামাধব মন্দির (ইসকন মন্দির) থেকে মোটর সাইকেল যোগে আমার আপন বোনকে নিয়ে নিজ বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ যাচ্ছিলাম। এসময় মন্দিরের কাছে পলিকমল স্কুলের পাশে একদল বখাটে আমার মোটর সাইকেলটি গতিরোধ করে আমার বোনের গায়ে হাত দেয়। এ ঘটনায় প্রতিবাদ করলে বখাটেরা আমাকে মোটর সাইকেল থেকে নামিয়ে টেনে হেঁচড়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করতে থাকে।
এক পর্যায়ে আমার বোনের চিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসে। পরে বখাটেরা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে মন্দিরের ভক্তরা এসে ঘটনা স্থলে জড়ো হয়। পরে দলবল নিয়ে ভক্তরা ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিক ভাবে ঘটনাটি অবগত করে। এসময় তিনি আহত যুবককে থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ইসকন জেলা শাখার সাধারণ সম্পাদক ব্রহ্মচারী প্রবীর দাস বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। তিনি অবিলম্বে দোষী বখাটেদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান এই প্রতিবেদককে জানান, ঘটনা সর্ম্পকে অবগত হয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/এইচকে/