পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

ভারতীয় উজানের পানিতে ডুবে গেছে রাঙামাটির পর্যটক আকর্ষণের অন্যতম স্থাপনা ঝুলন্ত সেতু। সীমান্তবর্তী মিজোরাম রাজ্য থেকে বয়ে আসা পানির চাপেই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ব্রিজটি তলিয়ে গেছে বলে ধারণা স্থানীয়দের। সোমবার পানি বৃদ্ধির কারণে সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচল বন্ধ ঘোষণা করেছে পর্যটন কর্তৃপক্ষ।

পানিতে ডুবে যাওয়া সেতুএদিকে, আকস্মিকভাবে সেতুটি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা। তবে পর্যটন কর্তৃপক্ষ আশা করছেন, শিগগিরই পানি কমবে এবং সংস্কার শেষে সেতু চালু করা যাবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সেতু এলাকায় পর্যটক প্রবেশ বন্ধ করা হয়েছে বলেও জানান তারা।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে ব্রিজের পাটাতন ডুবে গেছে। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা ব্রিজের ওপর দর্শনার্থীদের চলাচল আপাতত বন্ধ করে দিয়েছি। পানি কমলে পুনরায় দর্শনার্থীদের জন্য ব্রিজের ওপর চলাচল খুলে দেওয়া হবে।

/এমও/