কুমিল্লার ময়নামতি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় চার্জার ফ্যান,লাইট ও স্পিকারে ইয়াবা পাচারকালে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় বাচ্চু মিয়া(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাচ্চু মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন আটাইশা দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে জানান, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনে তল্লাশি করছিল পুলিশ। তারা ময়মনসিংহগামী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় বাসে থাকা এক যাত্রীকে সন্দেহ হলে পুলিশ তার কাছে থাকা চার্জার ফ্যান, লাইট ও স্পিকারে তল্লাশি চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
ওসি উত্তম কুমার আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
/এআর/