স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পাচোড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী আবদুল করিমকে একই গ্রামের রুসমত আলীর ছেলে বেলায়েত হোসেন তার এক আত্মীয়কে সৌদির ভিসা দেওয়ার জন্য ৫ লাখ টাকা দেন। কিন্তু সময় মতো ভিসা দিতে না পারায় এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। টাকা ফেরত দেওয়া নিয়ে এলাকায় কয়েকবার এ নিয়ে সালিশও হয়।
নিহত আবদুল করিমের ভাই শরিফুল ইসলাম জানান, রবিবার রাতে এশার নামাজের সময় ৩০/৪০ জন লোক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দেওয়ায় তার ভাই করিমের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় নারীসহ আরও ৬ জন আহত হয়। এদের মধ্যে করিমকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, বিদেশের টাকা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে আবদুল করিম হৃদরোগে আক্রান্ত হন। হাসপতালে তার মৃত্যু হয়। পুলিশ ওই গ্রাম থেকে বিল্লাল, আবু তাহের, গাজী মনির হোসেনসহ ৬ জনকে আটক করেছে।
/এআর/