লক্ষ্মীপুরে ছাত্রলীগের হামলায় পৌর ছাত্রদল সভাপতি আহত

লক্ষ্মীপুরে ছাত্রলীগের হামলায় পৌর ছাত্রদলের সভাপতি মোসাদ্দেক হোসেন বাবর গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত ১০টায় বাড়ি ফেরার পথে শহরের মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির দফতর সম্পাদক রেজাউল করিম লিটন।

হাসপাতালে ছাত্রলীগের হামলার চেষ্টারেজাউল করিম জানান, জেলা ছাত্রলীগের সভাপতি সোহেলের নেতৃত্বে ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী বাবরের ওপর অতর্কিতে হামলা চালায়। বাবরের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মাইনউদ্দিন চৌধুরী রিয়াজ জানান, বাবরকে হাসপাতালে ভর্তির পর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জিসাদ আল নাহিয়ানের নের্তৃত্বে ফের ছাত্রলীগের ২০/৩০জন কর্মী হাসপাতালেও হামলা করার চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এসব রাজনৈতিক উদ্দেশ্যমূলক।’ হাসপাতালে ছাত্রলীগের হামলা সম্পর্কে তিনি জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা হয়তো ব্যাক্তিগত কাজে হাসপাতালে যেতে পারে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে ছাত্রদল নেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কারা হামলার চেষ্টা করেছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

/এমও/