কমলনগরের ইউপি নির্বাচনে মাঠে নেই বিএনপি

ইউপি নির্বাচনআগামী ৩১ অক্টোবর লক্ষ্মীপুরের কমলনগরে দুই ইউনিয়নের ইউপি নির্বাচন। নির্বাচনকে ঘিরে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগ প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে বিএনপি প্রার্থীরা মাঠে নেই। আর এ না থাকার কারণ হিসেবে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন তারা।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কমলনগরের চর মার্টিন ও চর লরেন্স ইউনিয়নে ইউপি নির্বাচন হবে। একই তারিখে জেলার ৪টি উপজেলায় আগের ধাপে (৬ষ্ঠ)বন্ধ ঘোষিত আরো ১৮টি কেন্দ্রে ভোট হবে। নির্বাচনকে কেন্দ্র করে চর মার্টিন ও চর লরেন্স ইউনিয়ন এখন সরগরম। এ দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ৭০ জন লড়ছেন। ভোটার সংখ্যা ৩১ হাজার ৮১৭।

এ দুটি ইউনিয়নে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীরা অনেকটাই নিস্ক্রিয়। কিছু পোস্টার ছাপিয়ে তারা দায়সারাভাবে এলাকায় অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। চরমার্টিন ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী আলী আহমদ বলছেন, সরকার দলের চেয়ারম্যান প্রার্থীরা তাদের প্রচারণায় বাধা দেওয়ার পাশাপাশি ভাংচুর, বোমাবাজি করে আতংক সৃষ্টি করছে। একই অভিযোগ করেছেন চর লরেন্স ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন খোকনও।

এদিকে আওয়ামী লীগের চেয়ারম্যন প্রার্থীরা ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে তারা বিএনপি প্রার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন। এ দুটি ইউনিয়নে অন্য দলের প্রার্থী থাকলেও তাদের তৎপরতা নেই বললেই চলে।

সেখানে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, সুষ্ঠু ভোট নিয়ে তারা শঙ্কিত। বোমাবাজি ও মহড়া আতংকে ভোট কেন্দ্রে যাওয়া না-যাওয়া নিয়ে দোলাচলে তারা। আবার কেউ বলছেন, নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা কাজ করছে।

/এআরএল/

আরও পড়ুন: 

কাশ্মির সীমান্তে ভারতীয় সৈনিকের শিরশ্ছেদ, প্রতিশোধের হুমকি সেনাবাহিনীর