নোয়াখালীতে ৭ ভূমিহীনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা গ্রহণের নির্দেশ

নোয়াখালীনোয়াখালীর চর বালুয়ায় চাঁদার দাবিতে সাত ভূমিহীনকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত ১০৩ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা জজ আদালতের ২নং আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ভূঁইয়া এ আদেশ দেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এটিএম মহিব উল্লাহ জানান, ২০১৪ সালের ২৬ জুন কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চর বালুয়ায় জলদস্যু বাহিনী প্রধান মামুন ও তার সহযোগীরা চাঁদার দাবিতে সাত ভূমিহীনকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। ঘটনার পর নিহতদের পরিবারের সদস্যরা ভয়ে এলাকা ছাড়া থাকায় এ ব্যাপারে থানায় মামলা করতে পারেনি।

এ ব্যাপারে গত ৩ নভেম্বর নিহত রাসেলের ভাই মো. হানিফ আদালতে লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার আদালত বাদীর অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানাকে আদেশ দেন।

/বিটি/