কুমিল্লার আদালতে প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুলের বিরুদ্ধে মামলা

কুমিল্লার আদালতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো.ছায়েদুল হকের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহর আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী অ্যাড. সুবীর নন্দী বাবু।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো.ছায়েদুল হক

আদালত মামলাটি আমলে নিয়ে ২০১৭ সালের ২৩ জানুয়ারির মধ্যে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট স্বর্ণ কমল নন্দী।

এদিকে বিকালে আইনজীবী সমিতির ৪র্থ তলায় সংবাদ সম্মেলন করে হিন্দু আইনজীবীদের সংগঠন জেলা আইনজীবী ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোপাল ভৌমিক হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো.ছায়েদুল হককে মন্ত্রীসভা থেকে অপসারণ দাবি করেন। তার ইন্দনে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়।

এসময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সুভাস চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. সুবীর নন্দী বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট স্বর্ণ কমল নন্দী ও সদস্য নিরঞ্জন চন্দ্র সরকার প্রমুখ।

/এআর/