লক্ষ্মীপুরে আগুনে ২১টি দোকান ভস্মীভূত

fire picলক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান ভস্মীভূত হয়েছে। (আজ) বুধবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারে এ ঘটনা ঘটে।এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ সুমন, আব্দুল ওয়াদুদ ও স্থানীয় বাজার কমিটির সভাপতি আবুল কাশেম জেহাদী জানান, রহিম ইলেট্রিক নামে একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় সুমনের তিনটি মেটাল ওয়ার্কশপ, মুসলিম মুদি দোকান, জাকির মেকানিক দোকান ও আরিফ থাই গ্লাস দোকান, ইব্রাহীমের বেডিং, আলমগীরের সার দোকান, আবুল বাশারের পোল্ট্রি, আজাদের টিনের দোকানসহ ২১টি দোকান। এসব দোকানীদের মালামাল ও ঘর পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

তবে এ অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের কেউ গণমাধ্যম কর্মীদের কোনও বক্তব্য দিতে রাজি হননি।

/বিটি/