ব্রাহ্মণবাড়িয়ায় সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ২০

Clash picজমিতে সেচ দেওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কড্ডা এবং চান্দি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রেললাইন সহ ঢাকা-আগরতলা সড়কের ওপর কড্ডা এলাকায় এই সংঘর্ষ চলে। এ সময় ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের আধাঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

বাসুদেব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নেছার উদ্দিন এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল কাদের জানান, শনিবার বিকালে জমিতে পানি দেওয়া নিয়ে চান্দি এলাকার এক কৃষকের সঙ্গে কড্ডা এলাকার এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হতাহাতি হয়। পরে এ নিয়ে আজ  সকালে বাসুদেব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উভয়পক্ষের লোকজনকে নিয়ে সালিশ সভা অনুষ্টিত হয়। সভা থেকে হঠাৎ করে উভয়পক্ষের লোকজন হৈ চৈ করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। একপর্যায়ে তারা রেললাইন এবং ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কে অবস্থান নেয়। এ সময় উভয়পক্ষের ইটপাটকেলের আঘাতে অন্তত ২০ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি কেউ।

Clash-pic-3ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে অন্তত ১০ রাউন্ড টিয়ারসেল এবং ২০ রাউন্ড গুলি ছুড়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

/বিটি/