পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার পর মিললো যুবকের গুলিবিদ্ধ লাশ

ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার পর আল আমিন (২৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মেড্ডা এলাকার সরকারি শিশু পরিবার সংলগ্ন তিতাস নদীর পাড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ।

নিহত যুবকের স্বজনদের আহাজারিনিহত আল আমিন কান্দিপাড়া মাইমল হাটির মৃত জিল্লুর রহমানের ছেলে। নিহত যুবকের স্ত্রী তানজিনা আক্তারের অভিযোগ, তার স্বামী আল আমিনকে সোমবার দিনগত মধ্যরাতে শহরের কান্দিপাড়ার বাড়ি থেকে ডিবি পুলিশের ৮-১০ জনের একটি দল তুলে নিয়ে হত্যা করেছে।

তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুর রহমান জানান আল আমিন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় আল আমিন মারা গেছে। ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত আল আমীনের বিরুদ্ধে মাদক আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তিনটি মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আল আমীনের স্ত্রীর অভিযোগের বিষয়ে তিনি কোনও কথা বলেননি।

/এমও/