কুসিক নির্বাচন: ৫ মেয়র প্রার্থীসহ ১৯২ জনের মনোনয়নপত্র জমা

Comillaকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পাঁচ মেয়র প্রার্থীসহ ১৯২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কুসিক নির্বাচনে ৬ মেয়র প্রার্থী, মহিলা সংরক্ষিত আসনে ৪৫ জন এবং সাধারণ ওয়ার্ডে ১৯৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জাসদের শিরিন আক্তার, স্বতন্ত্র মেজর (অব) মামুনুর রশিদ ও পিডিপির অ্যাডভোকেট শোয়েবুর রহমান। আর সাধারণ ওয়ার্ডে ১৪৫জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪২জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, কুসিক নির্বাচনে ১৯২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মনোনয়নপত্র জমাদানকারীকে আচরণবিধি সম্পর্কে সতর্ক করা হচ্ছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ ছিলো ২ মার্চ।

/এমডিপি/