কুমিল্লা সিটি নির্বাচন: পিডিপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সোয়েবুর রহমানকুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সোমবার (৬ মার্চ) শেষ হয়েছে। শেষ দিনে আরেকজন মেয়র প্রার্থী প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সোয়েবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার মেজবাহ উদ্দিন জানান, দলীয় মনোনয়পত্র ঠিক না থাকায় সোয়েবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এ দিকে রবিবার (৫ মার্চ) প্রথম দিনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু ও জেএসডির শিরিন আক্তারকে। জমা দেওয়া ভোটার তালিকা ঠিক না থাকায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদের মনোনয়নপত্র।

এদিকে সাধারণ ওয়ার্ডে ১৪৫ জন প্রার্থীর মধ্যে ৬ জনের এবং সংরক্ষিত ওয়ার্ডের ৪২ জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি নির্বাচনে ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে। ৩০ মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লা সিটি নির্বাচন।

/এআর/