‘কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-পথে সরাসরি জাহাজ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে’

কক্সবাজারে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানপর্যটকদের যাতায়াতের সুবিধা ও ভ্রমণকে নিরাপদ করতে কক্সবাজার থেকে সেন্টমার্টিন পর্যন্ত সরাসরি আধুনিক সেবাসহ জাহাজ চালু করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। কক্সবাজারের পর্যটন শিল্পে আরও বেশি সেবা যুক্ত করতে সরকার কক্সবাজার-সেন্টমার্টিন নৌ-রুটে সরাসরি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পর্যটকবাহী জাহাজ চালুর উদ্যোগ নিয়েছে। এতে পর্যটকদের ভ্রমণ যেমন নির্বিঘ্ন হবে পাশাপশি ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছা সম্ভব হবে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) কক্সবাজারের বাঁকখালী নদী খনন, বিআইডব্লিউটিএ পরিদর্শন বাংলোর নতুন ভবন এবং লাইট হাউজের আধুনিকায়ন কাজ উদ্বোধন শেষে দুপুর ২টায় তিনি সাংবাদিকদের সামনে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এ কথা বলেন।কক্সবাজারে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান

এসময় মন্ত্রী বলেন, ‘এই প্রথম কোনও সরকারের উদ্যোগে দেশে নদী খনন কাজ কক্সবাজার থেকে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে নাব্যতা কমে যাওয়ায় বাঁকখালী নদী খননের কারণে মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ার দ্বীপাঞ্চলের মানুষ নৌ-পথে যাতায়তের ক্ষেত্রে সুবিধা পাবেন।’

এর আগে মন্ত্রী শাহজাহান খান বৃহস্পতিবার বেলা ১২ টায় কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় বিআইডব্লিউটিএ পরিদর্শন বাংলোর নতুন ভবন উদ্বোধন করেন। দুপুর ১ টায় তিনি শহরের নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ জেটিঘাট এলাকায় বাঁকখালী নদীর খনন কাজের উদ্বোধন করেন। পরে মন্ত্রী দুপুর ২ টায় কক্সবাজার লাইট হাউজের আধুনিকায়নের কাজের উদ্বোধন করেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

পাটকে অবহেলা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা পুনঃতদন্ত হবে না