মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার নিহত: এখনও মামলা হয়নি

ফেনী

জেলার ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুরে মাদক উদ্ধার অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলায় এক আনসার নিহতের ঘটনায় ৫ দিনেও মামলা হয়নি। দুই দেশের সীমান্তবর্তী এলাকা হওয়ায় আইনি জটিলতার কারণে মামলা হচ্ছে না বলে জানিয়েছেন ফুলগাজী থানার ওসি এম এম মুর্শেদ ।

অপরদিকে নিখোঁজ সোর্স সুমনকে মাদক ব্যাবসায়ীরা বিএসএফ এর হাতে তুলে দিয়েছে। বিএসএফ অবৈধ অনুপ্রবেশের দায়ে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় সুমন ভারতের ত্রিপুরা কারাগারে রয়েছেন।

মামলার ব্যাপারে ফুলগাজী থানার ওসি এম এম মুর্শেদ জানান, বাংলাদেশের সীমানার বাইরে ঘটনাটি ঘটেছে বলে এখনও মামলা হয়নি।

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন জাহান জানান, ওইদিনের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিজিবি কোনও আহনগত ব্যবস্থা নিতে চাইলে তাদের সহযোগীতা করা হবে।

উল্লেখ্য গত বুধবার রাতে ফেনীর ফুলগাজী সীমান্তবর্তী গ্রাম  বদরপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় ৬ জন পুলিশ ও ৪ জন আনসার সদস্য তার সঙ্গে ছিল। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত হয়েছেন আনসারের ল্যান্স নায়েক মীর নওশাদ আলী।  সীমান্তের ভারতীয় অংশে অস্ত্র কেড়ে নিয়ে তাকে হত্যা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। সঙ্গে থাকা সোর্স সুমনকে মারধরের পর অপহরণ করে সীমান্তের ভারতীয় অংশে নিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/জেবি/

আরও পড়তে পারেন: মজুরি বৃদ্ধির দাবিতে রাবি কৃষি প্রকল্পের কর্মচারীদের কর্মবিরতি