বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার হটানোর ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরবাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে- বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা এখন ষড়যন্ত্রের মাধ্যমে অন্যপথে সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে।’



বুধবার (১৫ মার্চ) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে শিউলি কামরুন্নাহার একরাম প্রাথমিক বিদ্যালয় ও নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্ধোধন এবং ইসমাঈল ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘গঙ্গাচুক্তির মতো তিস্তাচুক্তিও হয়ে যাবে। এটি এখন চূড়ান্ত পর্যায়ে। ৪১ বছরের সীমান্ত চুক্তি ও ছিটমহল বিনিময় এবং গঙ্গাচুক্তি যিনি করেছেন, তিস্তা চুক্তিও তিনিই করবেন।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘এপ্রিলে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন। সেখানে দেশের স্বার্থে খোলামেলাভাবে চুক্তি ও সমঝোতা সাক্ষর করবেন। তা অবশ্যই প্রকাশ্যেই করবেন ।’ এ নিয়ে পানি ঘোলা না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে শিউলী একরাম প্রাথমিক ও নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান নির্বাহী আলহাজ বেলায়েত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।
/এআর/