কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জহিরুল ইসলাম ওরফে কাইল্যা জহির (৩৫)নিহত হয়েছে। শনিবার (১৮ মার্চ) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কসবা থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ বিভিন্ন অস্ত্র-শস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে কসবা বিনাউটি ইউনিয়নের হাজীপুর উত্তর পাড়া আব্দুল আলী মেম্বারের বাড়ির পাশে একদল ডাকাত আসপাশের বিভিন্ন বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এই তথ্যের ভিত্তিতে কসবা থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থলে ডাকাত দলের সদস্য জহিরুল ইসলাম ওরফে কাইল্যা জহিরের লাশ পরে থাকতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, ২টি চাপাতি এবং ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধ চলাকালে কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুল ইসলামসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহত ডাকাত সদস্য জহিরুল ইসলাম ওরফে কাইল্যা জহির এর বাড়ি কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে। তার বাবার নাম নসু মিয়া। জহিরের বিরুদ্ধে কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের গ্রামের বাড়িতে ডাকাতিসহ মোট ৬টি ডাকাতি মামলা রয়েছে।

/এফএস/

আরও পড়ুন- 

খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা, হামলাকারী নিহত
চট্টগ্রামে নিহত জঙ্গিরা সম্পর্কে আত্মীয়